Main Menu

কুলাউড়ায় বাবাকে খুন্তির আঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তিকে খুন্তি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে করা মামলায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিহত লছমন রিকমন (৫০) কুলাউড়া উপজেলার চাতলাপুর ফাঁড়ি চা-বাগানের বেগমটিলা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া ছেলের নাম বিষ্ণু প্রসাদ রিকমন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২৪ ফেব্রুয়ারি লছমন রিকমন ও বিষ্ণু প্রসাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে বিষ্ণু প্রসাদ ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় লছমন রিকমন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ ফেব্রুয়ারি দুপুরে তিনি মারা যান।

ঘটনার পর বিষ্ণু প্রসাদ পালিয়ে যান। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগানে অভিযান চালায়। একই রাতে নিহত লছমন রিকমনের ছোট ছেলে বিশ্বজিৎ রিকমন বাদী হয়ে বিষ্ণু প্রসাদকে আসামি করে মামলা করেন।

বিষ্ণু প্রসাদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

 

Share





Related News

Comments are Closed