Main Menu

হবিগঞ্জে হাঁটতে বেরিয়ে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাঁটতে বেরিয়ে সবজিবোঝাই ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

পুলিশ জানায়, সকালে স্ত্রীকে কুলাউড়া যাওয়ার বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পর রাজু কর এলাকার আরও দুইজনকে নিয়ে হাঁটতে বের হন। তারা মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক ধরে নতুনবাজার এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী সবজিবোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে রাজু কর ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাকচাপায় এক শিক্ষক নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Share





Related News

Comments are Closed