Main Menu

কমলগঞ্জে গাড়ি চাপায় বনকর্মী নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির ধাক্কায় মারা গেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া নামের (৬৫) বছরের এক বৃদ্ধ।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) ভোরে প্রতিদিনের মত রাতের ডিউটি পালন শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে পায়ে হেটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। এসময় তাৎক্ষণিকভাবে সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়।

নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল ডলুছড়া এলাকার সিএমসি অফিস সহায়ক বাবুল মিয়ার পিতা। তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ডলুছড়া বন টহল দলের (সিপিজি) একজন সদস্য হিসেবে দীর্ঘ সময় থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হবে না বলে জানানো হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, নিহত সিরাজ মিয়া বৃদ্ধ বয়সেও একজন নিবেদিত সিপিজি সদস্যের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed