Main Menu

কানাডার ছোট শহর ও গ্রামীণ এলাকায় স্থায়ী বসবাসের সুযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় স্থায়ীভাবে বসবাসের প্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। পরীক্ষামূলক প্রকল্প থেকে স্থায়ী কর্মসূচিতে রূপ নিচ্ছে দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (আরসিআইপি)। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন কর্মসূচিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় প্রথম বছরে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা সরকার।

নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো বড় শহরের বাইরে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করা এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা পূরণ করা। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, কর্মসূচিটির মাধ্যমে ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা তাঁদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ করতে পারবেন। অন্যদিকে যোগ্য বিদেশি কর্মীরা এসব এলাকায় চাকরি নিয়ে স্থায়ী বসবাসের (পিআর) আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে আগের পাইলট প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে নতুন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আলবার্টার ক্লেয়ারশোলম, ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার বিভিন্ন ছোট শহরও রয়েছে।

আবেদনের যোগ্যতা

এই কর্মসূচিতে আবেদন করতে হলে প্রথমেই তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র বা ‘কমিউনিটি রেকমেন্ডেশন সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে।

আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের বা ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

পেশার ধরন অনুযায়ী ভাষাগত দক্ষতার শর্তেও পার্থক্য রয়েছে। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রে (টিইইআর ০ ও ১) কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (সিএলবি) ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের দক্ষতা প্রয়োজন।

বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) লাগতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে বিশেষ ছাড় রয়েছে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে আবেদনকারীকে নির্ধারিত ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজতে হবে। এরপর সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব নিতে হবে।

পরবর্তী ধাপে নিয়োগকর্তা সংশ্লিষ্ট কমিউনিটির কাছে আবেদনকারীর সুপারিশের জন্য আবেদন করবেন। কমিউনিটির অনুমোদন পাওয়ার পর আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন।

তবে যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত হতে হবে। পাশাপাশি চাকরিটি স্থানীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের অন্তর্ভুক্ত হতে হবে।

প্রথম বছর ৫ হাজার ৫০০ জনকে নেওয়ার লক্ষ্য

কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন গ্রামীণ অভিবাসন কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বড় শহরের বাইরে দক্ষ কর্মীদের বসতি গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের ‘রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট’ (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০ জনের বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।

অন্যদিকে বর্তমান আরসিআইপি পাইলট কর্মসূচিতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে।

পুরোনো কর্মসূচির আবেদনকারীদের কী হবে

বর্তমান রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তবে এ কর্মসূচির আওতায় আগে জমা দেওয়া স্থায়ী বসবাসের আবেদনগুলোর প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে।

যেসব আবেদনকারীর কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু করা হয়েছে, তাঁদের সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে হবে।

কানাডা সরকারের এ উদ্যোগ গ্রামীণ অঞ্চলের শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলার পাশাপাশি অভিবাসীদের জন্য বড় শহরের বাইরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরির একটি পদক্ষেপ। তবে আবেদন করতে আগ্রহীদের সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা এবং অভিবাসনের শর্তাবলি আইআরসিসির সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন।

Share





Related News

Comments are Closed