Main Menu

তাহিরপুরে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ আল ফয়সাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রয়াত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজাত মিয়ার ছেলে।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন মার্কেটসংলগ্ন দক্ষিণ সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় আল ফয়সাল ও তার সহযোগীকে আটক করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আল ফয়সালের দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে মোট ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, টহলরত পুলিশ সদস্যদের সহায়তায় তিনি এ অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় আল ফয়সালের সহযোগী কুনাটছড়া গ্রামের মিন্নত আলীর ছেলে রহমত আলী কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পর দিন শুক্রবার দুপুরে তাহিরপুর থানায় এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আল ফয়সালকে গ্রেফতার দেখানো হলেও রহমত আলীকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত আল ফয়সাল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর (টেন্ডারপাড়া) গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুজাত মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেন।

Share





Related News

Comments are Closed