Main Menu

হবিগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৫ নম্বর ব্যাটালিয়ন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

আজ শনিবার ৫৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ২৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা উদ্ধার করেন। উদ্ধারকৃত পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

এছাড়া চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার সীমান্তবর্তী অঞ্চলে নিয়মিত টহলের অংশ হিসেবে ২৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি। একই সময়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপি এলাকায় পৃথক অভিযানে আরও ১৪ কেজি গাঁজা এবং ১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত সমস্ত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই বিজিবির অঙ্গীকার। সম্প্রতি পরিচালিত সফল অভিযানে আটক পণ্যগুলো এ প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন।

তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে দুর্গম সীমান্ত অঞ্চলে অভিযান পরিচালনা করে যাচ্ছে। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবি’র অভিযানে মোট ২ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed