Main Menu

মেঘালয়ে কয়লা কোয়ারি ধ্বসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কোয়ারি থেকে কয়লা উত্তোলনে করতে গিয়ে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত নুর মিয়া (৪০) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।

সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা হতে ৩৫ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট নয় দিন ধরে নুর মিয়াসহ কয়েকজন শ্রমিক ভারতে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। এসময় তাঁরা ভারতের মেঘালয় পাহাড়ে থাকা বিভিন্ন কয়লার কোয়ারিতে কয়লা উত্তোলনের কাজ করতো। ঘটনার দিন সকালে কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে শরীরের উপড়ে পড়লে মারা যান নুর মিয়া। পরে মৃত্যুর বিষয়টি গোপন রেখে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দুপুর ১২টায় নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প থেকে পুলিশ অফিসার পাঠানো হয়েছে নিহতের বাড়িতে।

সোমবার দুপুরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)র সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের শুন্য রেখা থেকে কমপক্ষে ভারতের ৩০ কিলোমিটার অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে কয়লা কোয়ারিতে কয়লা উক্তোলন করতে গিয়ে নুর মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকের সাথে থাকা অন্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

প্রসঙ্গত, গত এক বছরে নুর মিয়া সহ কমপক্ষে ১৭ শ্র্রমিক মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed