Main Menu

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পাশে ব্যাংকটির তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে নাইট গার্ডের সতর্কতা ও স্থানীয় লোকজনের দ্রুত উদ্যোগে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালন করছিলেন নাইট গার্ড হরিদাশ বর্মন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে ব্যাংকের কর্মী ও আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পরে সবাই মিলে পানি ঢেলে আগুন নেভান।

এ ঘটনায় ব্যাংকের কাঠের দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে থাকা আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র, টাকা ও অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফ বলেন, রাত আনুমানিক দুইটার দিকে কে বা কারা ব্যাংকের দরজায় আগুন দেয়। নাইট গার্ডের চিৎকার শুনে ব্যাংকের কর্মী ও পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নেভান। এতে শুধু দরজার কিছু অংশ পুড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ব্যবস্থাপক আরও বলেন, ঘটনার সময় পুলিশ এলাকায় টহলে ছিল। টহল শেষ করে পুলিশ থানায় পৌঁছানোর পরই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ব্যাংকের দরজায় আগুন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

Share





Related News

Comments are Closed