Main Menu

শ্রীমঙ্গলে নিখোঁজ কলেজ ছাত্রের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী শান্ত দেবনাথের (১৯) দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর আউটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া থেকে লাশের আলাদা আলাদা খন্ড দুটি উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) তিনি নিখোঁজ হন।

উদ্ধার করা লাশটির কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাতের খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে হাতটি শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মরদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

এ ব্যাপারে শান্ত দেবনাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথের সারাদিন খোঁজ না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে গেলে শ্রীমঙ্গল থেকে ফোনকল পেয়ে শান্তকে শনাক্ত করি। শ্রীমঙ্গলে শান্ত কেন এসেছিল এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় যাবার কারন তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed