Main Menu

৮১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: এভারকেয়ার হাসপাতাল থেকে ৮১ দিন পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজার পথে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার আশপাশে ভীড় করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রনের কারণে স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে গাড়িতে করে বাসার পথে রওনা দেন খালেদা জিয়া।

এদিকে সন্ধ্যায় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন চিকিৎসকরা।বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য প্রফেসর ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী জানান, বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সবশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানান, খাদ্যনালী স্ক্যান করে ব্লিডিং ব্লক করা হলেও আবারও ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে।

গত বছরের ১১ এপ্রিল করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৭ এপ্রিল তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। প্রথম দফায় ৫২ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন বিএনপি নেত্রী।

বাসায় থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার। কিন্তু জ্বরে আক্রান্ত হলে ১২ অক্টোবর দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এ সময় তার বায়োসপসি পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।

বাসায় ফেরার এক মাসের মাথায় ১৩ নভেম্বর তৃতীয় দফায় আবারও ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এবার তার লিভার সিরোসিস ধরা পড়ে। বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আইনি সুযোগ না থাকায় অনুমতি দেয়নি সরকার। এরপর থেকে টানা ৮১ দিন এভার কেয়ারে আছেন বেগম জিয়া।

এরই মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে বেগম খালেদা জিয়ার গুলশানের ফিরোজার বাসা।

Share





Related News

Comments are Closed