Main Menu

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৭ বছরের বেশি সময় পর সরকার গঠনের পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময় দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং বিএনপিকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত করেন। তিনবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৬ আগস্ট নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে চলার পর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।

২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন এবং সেখান থেকেই দল পরিচালনা করেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে তিনি দলকে নির্বাচনি রাজনীতিতে নেতৃত্ব দেন।

দেশে ফেরার পর দেশবাসীর উদ্দেশে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি।’

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। দলটি ২১১টি আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ বছরের বেশি সময় পর ক্ষমতায় ফিরে আসে।

সরকার গঠনের পর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, প্রবাসীদের অধিকার ও সহায়তায় প্রবাসী কার্ড এবং প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ রয়েছে।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক ও বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী

Manual1 Ad Code

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, দেশে যতবার জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ দেড় দশকের ‘ফ্যাসিবাদী শাসন-শোষণের’ অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।

Manual1 Ad Code

বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

Manual4 Ad Code

কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করা হবে।

এ ছাড়াও বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। একইভাবে সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলটির বিভিন্ন ইউনিট ১ সেপ্টেম্বর সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code