রেকর্ড গড়ার দিনে ছিটকে গেলেন সানিয়া
স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকের নারী ডাবলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভারতীয় টেনিস তারাকা সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়নার জুটি। রোববার (২৫ জুলাই) ইউক্রেনের যমজ বোনের জুটি লাইয়ুডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে ধরাশায়ী হলেন সানিয়া-অঙ্কিতা।
আশা জাগিয়েও হতাশ করলেন ভারতীয় দুই টেনিস সুন্দরী। নাটকীয় এই ম্যাচ ইউক্রেনের বোনেরা ০-৬, ৭-৬ (০), ১০-৮ জিতে নেয়। সানিয়া-অঙ্কিতা ছিটকে যাওয়ায় ভারতের টেনিস পদক জয়ের স্বপ্ন শুধু বাঁচিয়ে রাখলেন সুমিত নাগাল।
ছ’বারের গ্র্যান্ড স্লাম জয়ী সানিয়া তার কেরিয়ারের চতুর্থ অলিম্পিকে অংশ নিয়েছিলেন টোকিওতে। তিনি এবার তরুণ খেলোয়াড় অঙ্কিতা রায়নাকে বেছে নিয়েছিলেন পার্টনার হিসেবে। সাইনি উইলসনের ভারতের দ্বিতীয় নারী অ্যাথলেট হিসেবে চতুর্থ অলিম্পিক খেললেন সানিয়া। পদক জেতার লক্ষ্য থাকলেও, সানিয়া পারলেন না।
এদিন কোর্টে নেমেই অনন্য রেকর্ড গড়েন সানিয়া মির্জা। ভারতের নারী খেলোয়াড় হিসেবে প্রথমবার চারটি অলিম্পিকে খেলার রেকর্ড গড়েন এই টেনিস সুন্দরী।
২০১৮ সালে ছেলে ইজহানের জন্মের পর ফের কোর্টে ফেরেন সানিয়া। গত বছর জানুয়ারি মাসে হোবার্টে সোনা জিতেছিলেন তিনি এবং প্রায় দু’বছর পর কোনো ডাবলস টুর্নামেন্টেও জয় পান। এমনকি চার বছর পর টোকিও অলিম্পিকের জন্য ভারত সরকারের ‘টপস’-এও ফিরে এসেছেন সানিয়া মির্জা।
২০১৬ রিও অলিম্পিকের রোহন বোপান্না এবং সানিয়া জুটি মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠলেও, অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। সেই অফসোস সানিয়ার এখনও রয়েছে। তিনি বলেন, ‘ওই দিনটার কথা ভোলা সম্ভব নয়। আমার ক্যারিয়ারে সবচেয়ে যন্ত্রণার দিন। পদক জয়ের কাছে পৌঁছেও সেটা হাতছাড়া হয়েছিল।’
এদিকে, করোনার চোখ রাঙানির মধ্যেও আসর মাতাচ্ছেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ সময় শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৫টায় উদ্বোধন হয় টোকিও অলিম্পিকের আসর। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে উদ্বোধনী কর্মযজ্ঞ। চার ঘণ্টাব্যাপী চলে উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশিরভাগ পারফরমেন্সই হয়েছে ভার্চুয়ালি।
যদিও দেশটির সরকারের কাছে স্থানীয়দের দাবি ছিল, অলিম্পিক বাতিল করা হোক। টোকিও শহরে কোনো উৎসব চান না সে দেশের সাধারণ নাগরিকরা। স্থানীয়রা বলছেন, করোনার মধ্যে এমন আসর তারা চান না। প্রত্যেক নাগরিক ঝুঁকির মধ্যে সময় পার করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন টোকিওর নাগরিকরা। আগামী ৮ আগস্ট পর্দা নামাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed