Main Menu

জকিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের আশ্রয়ন প্রকল্প থেকে এক কিশোরীকে (১৭) তুলে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক উপজেলার সাজ্জাদ মিয়া ও সজিব আহমদ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৮ আগষ্ট ওই কিশোরীর মায়ের জিডির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ওইদিন মোবাইল ফোন ট্র্যাকিং করে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করা হয় এবং ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর সজিবের দেয়া তথ্যের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহিনুর রহমান জানান, ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাজ্জাদ মিয়া। সাজ্জাদকে সহযোগিতা করে তার খালাতো ভাই সজিব। গত ৭ আগস্ট জকিগঞ্জের আটগ্রাম এলাকার আশ্রয়ন প্রকল্পের সামনে থেকে একটি অটোরিকশায় করে ওই কিশোরীকে নিয়ে আসেন সাজ্জাদ। সিলেট নগরের আখালিয়া এলাকায় নিজের ফুপুর বাসায় রেখে কিশোরীকে ধর্ষণ করেন সাজ্জাদ।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, এ ঘটনায় নারী, শিশু নির্যাতন ও যৌন হয়রানি আইনে মামলা হয়েছে। এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাহলে তদন্তে তা বেরিয়ে আসবে এবং আমরা অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবো।

Share





Related News

Comments are Closed