Main Menu

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। চার ঘণ্টাব্যাপী এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক বিকল করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় গ্রাম ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অভিযান শেষে সহকারী কমিশনার ফাহিম ইবনে ইদ্রিছ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এদিকে, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জাফলংয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

Share





Related News

Comments are Closed