ওয়াটসন ঝড়ে সিলেটের আরেকটি পরাজয়
স্পোর্টস ডেস্ক : বড় আশা নিয়ে শেন ওয়াটসনকে টুর্নামেন্টের মাঝপথে নিয়ে আসে রংপুর রেঞ্জার্স। বুঝিয়ে দেয় অধিনায়কত্বের গুরুদায়িত্ব। কিন্তু যার কাছে এত প্রত্যাশা, নিজের প্রথম চার ম্যাচে তার ছিঁটেফোটাও পূরণ করতে পারেননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
টানা চার ম্যাচে একবারও দশের গণ্ডি ছুঁতে পারেননি। আগের ইনিংসগুলো ছিল তার-৫, ১, ৭ আর ২ রানের। অবশেষে বিপিএলে নিজের পঞ্চম ম্যাচে এসে আসল চেহারা দেখালেন ওয়াটসন। তার ৩৬ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করে স্বাগতিক সিলেট থান্ডারকে ৩৮ রানে হারায় রংপুর রেঞ্জার্স। ফলে স্বাগতিক দলটি নিজেদের মাটিতে টানা দ্বিতীয় ম্যাচে হারলো। ১০ ম্যাচ খেলে ১ জয়ের বিপরীতে তাদের হার ৯ ম্যাচে।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওয়াটসন আর মোহাম্মদ নাইম শেখের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রংপুর। ৫১ বলের উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৭৭ রান। ৩৩ বলে ৪২ রান করে নাইম ফিরলে ভাঙে এই জুটি।
তবে ক্যামেরুন ডেলপোর্টকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬১ রানের আরেকটি জুটি গড়েন ওয়াটসন। ১৪ ওভার শেষে রংপুরের রান ছিল ১ উইকেটে ১৩৬। বেশ শক্ত অবস্থানেই দাঁড়িয়ে ছিল দলটি। ১৫তম ওভারে এসে জোড়া আঘাত হানেন এবাদত হোসেন।
১৮ বলে ২৫ রান করা ডেলপোর্টকে ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন ওভারের দ্বিতীয় বলে। তৃতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ভয়ংকর হয়ে ওঠা ওয়াটসনকে। এর আগেও ঠিক এমনই এক ডেলিভারিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের উইকেট ভেঙেছিলেন এবাদত, আজ (শুক্রবার) একইভাবে তাকে বোকা বানানোর পর আঙুল দিয়ে ‘২’ চিহ্ন দেখান তিনি।
৩৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে ওয়াটসন ফেরার পর রানের গতি কিছুটা কমে যায় রংপুরের। তবে শেষদিকে মোহাম্মদ নবীর ১৬ বলে ২৩ আর ফজলে মাহমুদের ৮ বলে ১৬ রানের ছোট্ট দুটি ইনিংসে ভর করে দুইশ ছোঁয়া স্কোর গড়ে দলটি।
২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট থান্ডার শুরু থেকে ব্যাট চালিয়ে খেলতে থাকে। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে ৫৮ রান । তবে প্রথম ৬ ওভারের মধ্যে হারায় দুই ওপেনার ফ্লেচার (১৯) ও মজীদকে (৭) । ওয়ান ডাউনে খেলতে নামা মিথুন ও রাদারফোর্ড রানের চাকা সচল রেখে খেলতে থাকেন। তবে ২২ বলে ৩০ রান করে মো: নবীর বলে আাউট হলে দলের স্কোর লাইন দাড়ায় ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৮৮ রান। রাদারফোর্ড একপাশ আগলে রেখে ৩৭ বলে ৬০ রান করলেও অন্য পাশের ব্যাটসম্যানেরা যোগ্য সঙ্গ না দেওয়ায় সিলেট ২০ ওভারে ১৬১ রানের বেশী করতে পারেনি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed