Main Menu

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজ ১১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ এই বিপুলসংখ্যক মানুষ ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার বিরোধী একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ লিংক চালু করেছে। যেখানে সাধারণ মানুষকে তাদের নিখোঁজ আত্মীয়-স্বজনের তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য নথিভুক্ত হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোর চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি। ফলে প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ এই জোড়া ভূমিকম্পের পর পুরো ভেনেজুয়েলাজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। এই পুরো সময়টি সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটছে। আল-জাজিরার সাংবাদিক তেরেসা বো কলম্বিয়ার বোগোতা থেকে জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার যেসব মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, তাদের সবাই এক অজানা ও চরম আতঙ্কের কথা জানিয়েছেন।

সংবাদমাধ্যমটির একজন প্রডিউসার ভেনেজুয়েলায় থাকা তার এক বন্ধুর বরাত দিয়ে জানান, ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে অসংখ্য ঘরবাড়ি তাসের ঘরের মতো ধসে পড়েছে। এছাড়া অনেক ব্যস্ত সড়কের মাঝখানে বিশাল বিশাল ফাটল দেখা গেছে। ভেনেজুয়েলায় বর্তমানে এক সপ্তাহব্যাপী লম্বা সরকারি ছুটি চলছিল। ফলে ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই তাঁদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

বর্তমানে দেশটির রাজধানী কারাকাসে জোর কদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অসংখ্য বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, অনেক বহুতল ভবন ধসে পড়ে পুরোপুরি মাটির সঙ্গে চ্যাপ্টা হয়ে গেছে। সরকারিভাবে এখন পর্যন্ত এই দুর্যোগে ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

Share





Related News

Comments are Closed