Main Menu

নিহত চারজনের পরিচয় শনাক্ত, নিখোঁজ ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন বড়ছড়া ব্রীজ অতিক্রমকালে রেল দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: মোফাজ্জেল হোসেইন।

নিহতরা হলেন- ১। মনোয়ারা পারভিন (৪৮) স্বামী আব্দুল বারি, গ্রাম কাদিপুর, কুলাউড়া, মৌলভীবাজার, ২। ফাহমিদা ইয়াসমিন ইভা (২০) পিতা আব্দুল বারী, গ্রাম-আব্দুল্লাহপুর, জালালপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ৩। সানজিদা আক্তার (২০) পিতা আক্রাম মোল্লা, ভাংগারকোলা, মোল্লার হাট, বাগের হাট এবং ৪। কাউছার আহমদ পিতা- নূর হোসেন, দরমন্ডল, থানা কুরাইতলা, মাধবপুর, ব্রাক্ষণবাড়িয়া। এর মধ্যে ইভা ও সানজিদা সিলেট নার্সিং কলেজের ছাত্রী।

এদিকে, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। এ দুজন হচ্ছেন- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের পিরগাঁও বালিয়াকান্দি গ্রামের দুলাল আহমদ (৩৫) ও পার্শ্ববর্তী বরইকান্দি গ্রামের আবুল কালাম (৩৬)।

তারা দুজনই রোববার রাতের উপবনে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে সোমবার দুপুর পর্যন্ত ঢাকায় পৌঁছাননি তারা। একই সাথে তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। ফলে সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মাঝে তাদের খোঁজ করতে আসেন স্বজনরা। এখানেও তাদের কোন খোঁজ পাননি তারা।

দুলাল আহমদ ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রোববার রাতের ট্রেনে তার ঢাকায় যাওয়ার কথা। সোমবার দুপুর পর্যন্ত ঢাকায় পৌঁছেননি। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তার বাবা রশিদ আলী জানান, এখন পর্যন্ত ছেলের কোন সন্ধান পাননি তিনি। এ কারণে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে তাকে খুঁজতে আসেন তিনি। রশিদ আলী জানান, এখানে তাকে না পেয়ে তিনি কুলাউড়ায়ও যাচ্ছেন পুত্রের সন্ধানে।

আর কালামের চাচাতো ভাই আব্দুল আলী জানান, ‘কালাম ঢাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ঢাকা থেকে কালামের স্ত্রী সন্তানরা ফোন করে জানিয়েছে সোমবার দুপুর পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে। এ জন্য কালামের খোঁজে তিনি ওসমানী হাসপাতালে এসেছেন। তিনিও কুলাউড়ায় গিয়ে খোঁজ নেবেন বলেও জানান।’

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে রোববার মধ্যরাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। হতাহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Share





Related News

Comments are Closed