Main Menu

কলেজছাত্রীকে মারপিট করায় ছাত্রের কারাদন্ড

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমে ব্রেকআপ করায় এক কলেজছাত্রীকে প্রকাশ্যে মারপিট করেছে এক কলেজছাত্র। এর দায়ে হৃদয় আহমেদ (২০) নামের ওই কলেজ ছাত্রকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি তাকে এ দন্ডাদেশ প্রদান করেন।

হৃদয় উপজেলার জাতুকর্ণপাড়ার আবু ছালেকের পুত্র এবং স্থানীয় জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জী জানান, শনিবার সকাল ১০টায় সুফিয়া মতিন মহিলা কলেজের এক ছাত্রী কলেজে যাচ্ছিল। পথে হৃদয় তাকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি ওই ছাত্রী নাকচ করে দিলে সে তাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন হৃদয়কে আটক করে পুলিশে দেয়।

দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রের সাথে কলেজছাত্রীর দীর্ঘদিন ধরে মন দেয়া নেয়া চলে আসছিল। হঠাৎ করে ওই ছাত্রী ব্রেকআপ করায় হৃদয় তাকে মারপিট করে।

Share





Related News

Comments are Closed