আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গোপালগঞ্জ ছাড়া বিজিবি মোতায়েন করা অন্য জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
শরিফুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন বলেও জানান তিনি।
এছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র মনিটরিং সেলে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও বলেছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
Related News
আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জেRead More
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেRead More



Comments are Closed