Main Menu

পিরোজপুরে ট্রলির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির ধাক্কায় তিন মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী ও তার খালাতো ভাই সাজিদ (২৩)।

আহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। তারা বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলি মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা বেকুটিয়া সেতুতে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তারা।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান এবং বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

খুলনায় নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। পরে সুনান ও সাজিদও মারা যান। আহত মাহফুজুর রহমান এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed