হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী মমতা বেগমকে (২৫) গত শুক্রবার দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ভোররাতে শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে গুরুতর আহত হন মামুন। পরে তাকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান।
আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের দাবি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত মমতা বেগমকে আটকের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের ৪ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৯। রোববার (২২Read More



Comments are Closed