Main Menu

শিল-পাটা দিয়ে স্বামীর মুখ থেতলে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী মমতা বেগমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে মাধবপুর থানা-পুলিশ।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে মামুনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান।

আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Share





Related News

Comments are Closed