Main Menu

আগামী সংসদ নির্বাচন সংবিধান মেনেই হবে : শিল্পমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও তৎপর হয়ে উঠেছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলার মানুষের উপরে আমাদের বিশ্বাস আছে, আমরা জানি বাংলার মানুষ যে উন্নয়নের ছোঁয়া পেয়েছে, শিক্ষার আলো পেয়েছে, স্বাস্থ্য অধিকার পেয়েছে, সে জন্য তারা শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ। তাই ২০১৪ সালের মত কোন অপশক্তি এই উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না।

আমির হোসেন আমু বলেন, আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান মেনে অনুষ্ঠিত হবে এবং আবারও আওয়ামীলীগ জনগণের ভোটে সরকার গঠন করবে। একাত্তরের পরাজিত শক্তি বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে, এখনও তারা সক্রিয়। এই শক্তি দেশ অস্তিতিশীল করতে চায়।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। এই দেশ সম্ভবনাময় দেশ, বিশ্বের প্রায় সব দেশ আমাদের এখানে বিনিয়োগ করতে চায়।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকারসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed