Main Menu

বিদেশি শিক্ষার্থী হারাচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। প্রচারণা ও অন্যান্য সুবিধার ঘাটতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শিক্ষাবৃত্তিসহ আরো অনেক সুযোগ-সুবিধার কারণে সরকারিগুলো বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি ঝুঁকছেন বিদেশি শিক্ষার্থীরা।

দেশে থাকা ৩৭টি সরকারি এবং ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন।

কয়েক বছর আগেও উচ্চশিক্ষার জন্য বিদেশিরা বেসরকারিতে না গিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতেন। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক ভিন্ন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে দেশের ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়েছেন মাত্র ৩৫৫ জন বিদেশি শিক্ষার্থী। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যা এক হাজার ৯২৭ জন।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১০ সালে ৩৫৯ জন, ২০১১ সালে ২১০ জন, ২০১২ সালে ৫২৫ জন, ২০১৩ সালে ৩২৬ জন, ২০১৪ সালে ৪৩২ জন, ২০১৫ সালে ৫৯৩ জন এবং ২০১৬ সালে ৩৫৫ জন বিদেশি ভর্তি হন।

অন্যদিকে, ২০১৫ সালে এক হাজার ৫৪৮ জন বিদেশি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেন। এক বছর পর এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় এক হাজার ৯২৭ জনে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার জন্য প্রচার-প্রচারণার অভাবকে দায়ী করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

তিনি বলেন, ‘বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট হালনাগাদ করেন না। তারা ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থী ভর্তি বিষয়ে কোনো তথ্য দেন না এবং বহির্বিশ্বে নিজেদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে কোনো উদ্যোগ নেন না।’

কিন্তু বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জোর প্রচারণাসহ বৃত্তি ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে বলে জানান তিনি।

বর্তমানে অনেক দেশ কারিগরি ও কর্মসংস্থানমুখী শিক্ষার প্রতি নজর দিচ্ছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ কারণেও ওইসব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এখানে আসতে আগ্রহী হন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাত্র দু’জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। কিন্তু কয়েক বছর আগেও দেশের সেরা এই বিদ্যাপীঠটিতে উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি নিতেন।

বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি হন ১৬ জন বিদেশি শিক্ষার্থী। ২০১৫-১৬ বর্ষে আসেন মাত্র চারজন। তার আগের বছর ভর্তি হন আটজন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে বিদেশিরা এখানে ভর্তি হতে আগ্রহী হন না। আমরা তাদের অন্য দেশ বা বিশ্ববিদ্যালয়ের মতো বৃত্তি দিতে পারছি না।’

বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য দীর্ঘদিন ধরেই আলাদা কোনো ব্যবস্থা ছিল না জানিয়ে তিনি বলেন, তারা পরিস্থিতির পরিবর্তনে চেষ্টা করছেন।

উপাচার্য বলেন, ‘আমরা বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করেছি। যাতে তারা উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহজেই আবেদন করতে পারেন।’ -ইউএনবি

Share





Related News

Comments are Closed