Main Menu

সিলেটে এইচএসসি’র সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন ২১ হাজারের বেশি শিক্ষার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার জন্য ২১ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর থেকে অনলাইনে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। সোমবার রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করেছেন। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়ার সুযোগ ছিল।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ইলেকট্রনিক ফরম পূরণ (ইএফএফ) করেন। পরে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন।

এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যেও সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার আগ্রহ রয়েছে। এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে পাস করলে তাকে নতুন করে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে হবে না। তবে পাস করার পরও কেউ চাইলে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে ফরম পূরণ করতে হবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রতি পত্রের তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে এবং অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে পরীক্ষায় অংশ নেবেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, সিলেট বোর্ডের অধীনে চার জেলার ২১ হাজার ৩৭৭ শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করেছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed