Main Menu

ওসমানীনগরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।
জানা যায়, সোমবার দুপরে তাজপুর ডিগ্রী কলেজে উপজেলা যুবলীগের সভাপতি আনা গ্রুপের মঞ্জুর ও চঞ্চল গ্রুপের হাম্মানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হলে মঞ্জুর আহত হয়। এর জেরে দুই গ্রুপের নেতাকর্মীরা তাজপুরবাজারে শক্তি সঞ্চয় করে লাঠিসোটা নিয়ে দুপুর আড়াইটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় একটি ঔষধের দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে আওয়ামীলীগ নেতা চয়ন পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা চঞ্চল পাল, জুয়েল, রাহিম, অজয়, রানু দেব, মঞ্জুর, রাসেল, সুজিত, শিপন, টিটু, সুজন, টিপু, জুনেদ, রাহিম, আবির, মন্নান, ছুরতসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানা যুবলীগের সভাপতি আনা মিয়া নিজেকে অসুস্থ উল্লেখ করে বলেন, সংঘর্ষের ঘটনাটি আমি শুনেছি তবে বিস্তারিত জানিনা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল বলেন, পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগ পরিবারের লোক নয়, এরা ছদ্মবেশী জামায়াত শিবির।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share





Related News

Comments are Closed