Main Menu

‘নিখোঁজ’ ব্যাংক কর্মকর্তা সৈকত চট্টগ্রামে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকতকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রাজধানী থেকে নিখােঁজ হওয়া সৈকতকে রবিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানিয়েছে, ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটির মতো টাকা নিয়ে সুদে লোন দিয়েছিলেন সৈকত। কিন্তু সেই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন তিনি।

মো. আবদুর রশিদ জানান, নাইমুল ইসলাম ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার। নিখোঁজের পর এ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের লক্ষ্যে তদন্ত শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে রবিবার চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।

ওসি বলেন, তাকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৬ ডিসেম্বর নিখোঁজ হলেও পরদিন ২৭ ডিসেম্বর সৈকতের সন্ধান চেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী তামান্না খান। জিডিতে উল্লেখ্ করা হয়, শ্যামলী শাখায় কর্মরত সৈকত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। স্ত্রীকে জানিয়েছেন, তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাচ্ছেন। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে তামান্নার কথা হয়। এরপর দুপুর আড়াইটা থেকে তার ফোন বন্ধ পায় স্ত্রী। পরে সৈকতের ওই বন্ধু সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সৈকতকে সে কুড়িল পর্যন্ত এগিয়ে দিয়েছেন।

নিখোঁজের পরিবার পুলিশকে জানিয়েছিলেন, মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে সর্বশেষ দুপুর সোয়া ২টায় সৈকত রাজধানীর নিকেতনে ছিলেন।

সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। তার বাবার নাম নজরুল ইসলাম। রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় পরিবার নিয়ে থাকেন। দেড় বছর ধরে তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করছেন।

Share





Related News

Comments are Closed