Main Menu

নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জড়িত দুইজনকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

আটককৃতরা হলেন-ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুরের মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) ও কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মোঃ রকিব (২৫)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শিবপুরের কামরাবো এলাকার একাধিক বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। নেপাল বণিক নামক এক ব্যক্তির মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাটির সরাসরি অংশগ্রহণে কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআইয়ের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়।

এসময় একাধিক বিড়ি তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও নকল বিড়ি জব্দ করা হয়। পাশাপাশি নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত নেপাল দত্তসহ দুইজনকে আটক করা হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed