Main Menu

শমশেরনগরে বিমান বাহিনীর সংরক্ষিত এলাকায় ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দর সড়কের বিমান বাহিনীর সংরক্ষিত এলাকার একটি ৪তলা ভবন জাহানারা টাওয়ারের ৩য় তলার একটি বাসার তালা ভেঙ্গে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ ঘঁনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বাসার মালিক বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর স্টেশনের মেকানিক্যাল ট্রান্সপোট ড্রাইভার (এম টি ডি) শামীম আহমদ বিমান বাহিনীর স্টেশনের ভিতরে কর্মরত ছিলেন। তার স্ত্রী বাসার দরজায় তালা দিয়ে সন্তানদের নিয়ে শমশেরনগর বাজারে বি এ এফ শাহীন কলেজে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টায় শামীম আহমদের স্ত্রী বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙ্গা আর ভিতরের সব কিছু তছনছ করা। পরে ভিতরে প্রবেশ করে দেখেন আলমারী ভেঙ্গে ডাকাতদল সেখান থেকে নগদ আড়াই লাখ টাকা, দুটি মুঠোফোন ও ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্নের একটি গলার হার, ২টি হাতের বালা, ৪টি কানের দোল ও ১টি মাথার টিকলি নিয়ে গেছে। সব মিলিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।
বাসার মালিক বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর স্টেশনের মেকানিক্যাল ড্রাইভার শামীম আহমদ বলেন, বিমান বাহিনীর আবাসিক এলাকার বাইরে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে তিনি বিমান বাহিনী স্টেশন এলাকার ভিতরে কাজে চলে গেলে স্ত্রী সন্তানদের নিয়ে বাজার এলাকায় বিএএফ শাহীন কলেজে চলে যান। বাসায় কেউ না থাকার সুযোগে ডাকাতদল এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি জমি কেনার জন্য রোববার ব্যাংক থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছিলেন বলেও জানান। বিষয়টি তিনি বিমান বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও কমলগঞ্জ থানায় অবহিত করেছেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু সায়েম মো: আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ডাকাতি না বড় ধরনের চুরি তা তদন্ত না করে বলা যাবে না। এ ঘটনায় জোর তদন্ত চলছে বলেও তিনি জানান।

 

Share





Related News

Comments are Closed