Main Menu

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন ইলিয়াসপত্নী লুনা

বিশ্বনাথ প্রতিনিধি: তিন সপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষে রোববার সকালে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করেন। তার সঙ্গে দেশে ফিরেছেন লন্ডনে বেড়াতে যাওয়া ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। তবে লেখা পড়ার জন্য যুক্তরাজ্যেই অবস্থান করছেন তার দুই পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব সারার। ইলিয়াসপতœী লুনা দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক।
এর আগে তিনি ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গত ১২ জুলাই লন্ডনে যান। ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্নের পর তিনি লন্ডন, বার্মিংহাম, ওল্ডহামসহ একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। যার সবগুলিই ছিল গত পাঁচ বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রবাসীদের সঙ্গে। অনেকেই একে নির্বাচন পূর্ববর্তী প্রবাসীদের সঙ্গে প্রস্তুতি সভা বলে মনে করছেন। লুনা লন্ডনে যাওয়ার পর থেকেই নেতাকর্মীরাও আগ্রহের সঙ্গে দেখা করেছেন। খোঁজ খবর নিয়েছেন তার পারিবারের।
প্রতিটি মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা, ইলিয়াস আলীকে ফিরে পাবার দাবিতে প্রবাসীরা যে আন্দোলন সংগ্রাম করছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

Share





Related News

Comments are Closed