Main Menu

আদালতে জবানবন্দি দিল কথিত ভন্ডপীর

বৈশাখী নিউজ ডেস্ক: জিন-ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে পর্নো ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার কথিত পীর আহসান হাবিব পিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

দুদিনের রিমান্ড শেষে শনিবার আসামীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর সজীবুজ্জামান।

পিয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২ আগস্ট তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১ আগস্ট দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট আসামি পেয়ারকে গ্রেপ্তার করে।

মামলার নথি থেকে জানা যায়, আহসান হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশোনা করেছেন। নিজেকে এএইচপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পিয়ার।

সম্প্রতি তিনি নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করতেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসায় এনে প্রতারণা করে যৌন সম্পর্ক স্থাপন করতেন।

এ ঘটনায় পিয়ারের বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন একাধিক ভুক্তভোগী তরুণী।

Share





Related News

Comments are Closed