Main Menu

ওসমানীনগরে ছাত্রীর অশ্লীল ছবি প্রকাশ করায় যুবক গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ ও উত্যক্তের ঘটনায় জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উছমানপুর ইউপির পশ্চিম পাচপাড়া গ্রামের তাজ উল্লার ছেলে। রোববার সকালে জুয়েলের পশ্চিম পাচপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাচপাড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে তাজপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার কলিকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল কলির চাচাতো ভাই তাজ উল্লার ছেলে জুয়েল। গত ২৯ জানুয়ারী জুয়েল কলির অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করলে এর পর থেকে কলি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি কলির পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে কলির পিতা ফারুক মিয়া বাদি হয়ে ওসমানীনগর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা (নং-০৯) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার সকালে পুলিশ জুয়েলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
কলির পিতা ফারুক মিয়া বলেন, আমার মেয়েকে উত্যক্ত ও তার অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করায় তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে প্রকাশ করায় ছাত্রীর পিতা অভিযোগ দিলে জুয়েলকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed