হবিগঞ্জের মাছের মেলায় হাজারো মানুষের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক : দুইশ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইল গ্রামে। প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তিতে আয়োজিত এ মেলাটি অনুষ্ঠিত হয়। আর তাই শনিবার সকাল থেকেই মাছ মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। শুধু হবিগঞ্জ জেলা নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক এসেছেন মেলায়। এক দিনের জন্য বসলেও মেলা চলবে রোববার দুপুর পর্যন্ত।
মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতার। এছাড়াও পুঁটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছও রয়েছে। মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ভোগ্যপণ্য, আখ, শিশুদের খেলনাও দেখা গিয়েছে। পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণ করেন।
মেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, কয়েকশ বিক্রেতা অংশ নিয়েছেন পইল মাছের মেলায়। বড় বড় মাছের সাথে অনেকে দেশিয় নানা প্রজাতির ছোট মাছও নিয়ে এসেছেন বিক্রেতারা। বেচাকেনাও চলছে ধুমছে। প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। কেই মাছের দাম হাঁকাচ্ছেন, কিনছেন। আবার কেউ কেউ সেলফি তুলতেও দেখা গিয়েছে। শুধু সেলফি তুলেই শেষ নয়। মাছ মেলার ছবি দিয়ে কেউ কেউ আবার ঝড় তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
অনেকে পরিবার নিয়ে এসেছেন মেলায়। মাছ ছাড়াও তারা মেলায় উঠা হরেক রকমের দোকানে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন ধরনের খাবার আর শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন প্রসাধনী কিনছেন অনেকে।
হবিগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের শুকুর মিয়ার মাছের দোকানে গিয়ে দেখা যায় প্রচুর ভিড়। মেলায় সবচেয়ে বড় মাছটি তুলেছেন তিনি। ৩০ কেজি ওজনের বাঘাই মাছটির দাম চাওয়া হয়েছে ৮০ হাজার টাকা। সবার দৃষ্টি এই মাছটির প্রতিই। কেউ বলছেন ২০ হাজার আবার কেউ বলছেন ৩০ হাজার। কেউ আবার কারো কারো সাথে শলা পরামর্শ করছেন। সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি।
মাছ বিক্রেতা সমুজ আলী জানান, বিভিন্ন নদী ও হাওর থেকে মাছ আসে এখানে। এ মেলাকে লক্ষ্য করে চলে মাছ ধরারও উৎসব। আমি প্রতি বছরই এ মেলায় মাছ নিয়ে আসি। বাজারের তোলনায় মেলায় মাছের দাম বেশি হলেও সবাই আনন্দের সাথে মাছ কিনেন।
অন্য আরেক বিক্রেতা নিম্মত আলী জানান, মাছ মেলায় আগের সেই অবস্থা নেই। তবে চোখ জুড়িয়ে দিয়েছে নতুন প্রজন্মের। আগে সিলেট অঞ্চলের তরতাজা মাছ দিয়ে মেলা বসত। আর এখন বেশিরভাগ মাছ আসে দেশের বিভিন্ন স্থান থেকে। যা বরফ দিয়ে রাখা হয়। কতগুলোতো বক্সে থাকতে থাকতে বেঁকে গেছে। দেখেই অনুমান করা যায় এই মাছগুলো দূর থেকে আনা হয়েছে।
মেলায় ঘুরতে আসা বাবু চৌধুরী জানান, এখানে শুধু মাছ কেনাটাই বড় কথা নয়। বাপ-দাদার মুখে বড় বড় মাছের গল্প শুনা ছাড়া দেখা হয়নি। এখানে এসে বড় বড় মাছগুলো দেখে চোখ জুড়িয়ে নিলাম। মাঝে মধ্যে তাদের গল্পগুলো অবিশ্বাস্য মনে হত। কিন্তু এখানে এসে সেই ভুলও ভেঙ্গে গেল।
পইল মাছ মেলার ঐতিহ্য সম্পর্কে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতি বছরের মত এ বছরও মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed