Main Menu

সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএ মালেক) বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাড়িতেই ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, দুবৃর্ত্তরা বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। শুক্রবার গভীর রাতে এ হামলার পর বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।

জানা যায়, রাত আড়াইটা থেকে ৩ টার মধ্যে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালেকের বাড়িতে পেট্রোর বোমা ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার বিষয়টি বাড়ির নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আগুনের সূত্রপাত হলে বাড়ির নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed