Main Menu

রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যোগাযোগ মন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিবেন তা যদি আওয়ামীলীগের বিপক্ষে যায়-তাহলেও সে সিদ্ধান্ত আওয়ামীলীগ মেনে নেবে। তিনি বলেন, আমরা আশাবাদী রাষ্ট্রপতি সংবিধানের আলোকে ব্যবস্থা নিবেন। সংবিধান ছাড়া কোন কিছু আমরা মানব না। মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই বছর রয়েছে। এখন দলীয় নেতাকর্মীদের খাই খাই ভাব বন্ধ করে জনগণের সাথে সর্ম্পকের সেতু বন্ধন তৈরী করতে হবে। তিনি বলেন, কর্মীর চেয়ে এখন নেতা বেশী। আমরা নেতা চাই না, কর্মী চাই। কর্মী তৈরীর কারখানা গড়ে তুলতে হবে। তিনি বলেন, কাগজের ফুল,পাথরে লেখা নাম কিছুই থাকবে না জনগণের হৃদয়ে নাম লিখতে হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা নালিশের ভাঙ্গা রের্কড বাজাচ্ছে। কিন্তুু এসব ভাঙ্গা রের্কডে জনগন শুনতে চায় না। তিনি বলেন,বিএনপি বলেছিল পদ্মাসেতু আওয়ামীলীগ করতে পারবে না। ইতিমধ্যে পদ্মাসেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণ শেষ হলে বিএনপি বলবে সেতুর রড সিমেন্ট ভাল হয়নি। মন্ত্রী আওয়ামী লীগের বিগত আট বছরের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। তিনি সেতুর নামকরণ নিয়ে বির্তক সৃষ্টিকারীদের সমালোচনা করে বলেন,নিয়মশৃঙ্খলা মেনে সবাইকে চলতে হবে। সুনামগঞ্জের সুনাম রক্ষা করতে হবে। সেতু নির্মাণের পর প্রক্রিয়া মেনে সেতুর নামকরণ করা হবে। অনেকেই অনেক বড় বড় নেতার নাম কালভার্টে লাগানোর নামে নেতাদের খাটো করছেন। এসব বিষয় খেয়াল রাখতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন, দল করতে হলে দলের নিয়ম মানতে হবে। তিনি সিলেটী ভাষায় নেতাকর্মীদের কোন্দল ভুলে দলের শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কটি এলজিইডি থেকে সওজের আওতায় নেয়ার দাবি প্রসঙ্গে বলেন,এলজিইডি নিয়ম মেনে ছেড়ে দিলে আমরা সড়কটির কাজ করে দেব।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

১২৬ কোটি৮৬ লাখ টাকা ব্যয়ে ৭০২.৩২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের অত্যাধুনিক বক্স গার্ডার এ সেতুটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে।
সভায় স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ বক্তব্য দেন। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ- মৌলবীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন নাহার বেগম শাহানা রববানী,জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গসহযোগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

Share





Related News

Comments are Closed