Main Menu

কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামে খাসজমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০/৩৫ জন আহত হয়েছেন। এরমধ্যে প্রায় ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণের হাওরে দু’দফায় সংঘর্ষ হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম জানান, দক্ষিণের হাওর নিয়ে গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল হক এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি সদস্য সূর্যব আলী।
শনিবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে বোরো ধান রোপন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষই দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৩০/৩৫জন আহত হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি জানান, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সতর্ক অবস্থায় রয়েছেন। তবে এ ব্যাপারে থানায় কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে স্থানীয় অন্য একটি সূত্র জানায়, এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। ফলে যেকোন মূহুর্তে আবারও সংঘর্ষে লিপ্ত হতে পারে বলেও আশংঙ্কা রয়েছে।
তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল হক বলেন, বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধান রোপনে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সুর্যব আলীর সাথে যোগাযোগের জন্য তার মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

Share





Related News

Comments are Closed