Main Menu

পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা

কাল্পনিক ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানা গুনতে হয়েছে ৩১ বছর বয়সী এক নারীকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে জার্মানির গেলজেনকির্শেন শহরে।

জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর ঘটনাটি ঘটে। হ্যানা নামের ওই নারী পড়াশোনা ও আর্থিক সংকট নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। কিছুটা স্বস্তি পেতে হাঁটতে বের হয়ে একপর্যায়ে শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসেন। এ সময় এক স্বজনের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

হ্যানার ভাষ্য, তখন তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাই কিছুক্ষণ একা সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু এর মধ্যেই সেখানে হাজির হন পৌরসভার তিন কর্মকর্তা। তারা জানতে চান, দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না। হ্যানা জানান, শিশুরা তার সন্তান নয়। এরপরই তাকে ২৫ ইউরো জরিমানা করা হয়।

শহরের পৌর আইন অনুযায়ী, শিশুদের খেলার মাঠ কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। কোনো শিশু সঙ্গে না থাকলে অভিভাবকসহ অন্য প্রাপ্তবয়স্কদেরও সেখানে অবস্থান করার অনুমতি নেই।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হ্যানা। তার প্রশ্ন, কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি তার খোঁজ নেওয়া উচিত নয়? তিনি ঠিক আছেন কি না, কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না সেটি জানতে চাওয়া যেত। এরপর তাকে নিয়মের বিষয়টি বুঝিয়ে বলা সম্ভব ছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দারাও পৌর কর্মকর্তাদের এমন আচরণে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন। এক বাসিন্দার মতে, একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, এ কারণে তাকে জরিমানা করা অযৌক্তিক। ৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাস করা আরেক নারী জানান, তিনি নিয়মিত ওই বেঞ্চে বসেছেন, কিন্তু কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি। অন্য এক বাসিন্দা ঘটনাটিকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন।

তবে পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। শহর কাউন্সিলের সদস্য সিমন নোভাকের (সিডিইউ) ভাষ্য, শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই সংরক্ষিত। তাই শিশু ছাড়া সেখানে প্রাপ্তবয়স্কদের অবস্থান সাধারণত নিষিদ্ধ। পৌর কর্তৃপক্ষের দাবি, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এ ধরনের জরিমানার বিধান রাখা হয়েছে।

এদিকে শিশু ছাড়া খেলার মাঠে প্রবেশ কিংবা সেখানে বেঞ্চে বসার মতো কর্মকাণ্ডের জরিমানা বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে শহর কাউন্সিলে। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবটি পাস হলে জরিমানার পরিমাণ বেড়ে ৬০ ইউরো হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার টাকারও বেশি।

Share





Related News

Comments are Closed