Main Menu

বাবা হচ্ছেন রেলমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: রেলমন্ত্রী মুজিবুল হক খুব শিগগির বাবা হচ্ছেন। গর্ভধারণের নয় মাস পার করেছেন স্ত্রী হনুফা আক্তার ওরফে রিক্তা। চিকিৎসকদের বরাত দিয়ে পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে রেলমন্ত্রী বাবা হতে পারেন। এতে ৩১ মের আগে সন্তান জন্মগ্রহণ করলে ৬৮ বছর বয়সে, অন্যথা ৬৯ বছর বয়সে বাবা হবেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গত বুধবার স্কয়ার হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগে ভর্তি করা হয়েছে। কবে নাগাদ তার সিজার করা হবে বা কবে তিনি সন্তান প্রসব করতে পারেন, তা নিশ্চিত করতে পারেননি ওই ব্যক্তি। তিনি জানান, যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আগে থেকেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ওই সূত্রটি আরো জানায়, গর্ভধারণের নয় মাস পার করেছেন রেলমন্ত্রীর স্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে রেলমন্ত্রী বাবা হতে পারেন।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন। আগামী ৩১ মে মন্ত্রীর ৬৯তম জন্মদিন। এ দিন সন্তান হলে তা হবে তার জীবনের স্মরণীয় ঘটনা।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লা জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালের ২০ মে । বিয়ের সময় রিক্তার ছিল ২৯ বছর। এ বিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

সাংবাদিকরা এ বিষয়ে রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে জানতে চাই তিনি বলেন, ‘এখন কোনো খবর নাই, যখন হবে তখন জানবেন।’

Share





Related News

Comments are Closed