Main Menu

নরসিংদী শহরে দুঃসাহসিক চুরি, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী শহরের পশ্চিমকান্দাপাড়া এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুখন চৌধুরীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

চোর দল বাড়িটির পিছনের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে রক্ষিত নগদ ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

দুর্গাপূজা উপলক্ষে ভাড়াটিয়া সুখন চৌধুরী স্বপরিবারে তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টার গুহিয়ালা গ্রামে পূজা দেখতে গিয়েছিলেন। বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতে নরসিংদীর বাসায় এসে দেখেন সামনের দরজা বন্ধ করা। কিন্তু পিছনে গ্রীল কাটা। তিনি বাড়ির মালিকের সহযোগিতায় ঘরে ঢুকে দেখেন আলমারী ভাঙ্গা, ঘরের ভিতর সমস্ত মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে দেখেন তার আলমারিতে রক্ষিত টাকা এবং স্বর্ণালংকার নেই।

সুখন চৌধুরী গত পাঁচ বছর যাবৎ স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় এখানেই থাকতেন এবং পার্শবর্তী বাবুরহাটের শেখেরচর এলাকায় ইভা ডাইংয়ে রং মাস্টারের কাজ করতেন। নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামের মতীন্দ্র চৌধুরীর ছেলে তিনি।

ভুক্তভোগী সুখন চৌধুরী এবং তার স্ত্রী পূরবী পণ্ডিত জানান, স্বজনদের সঙ্গে দূর্গা পূজা উদযাপন করতে গত রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে যান। পূজা উদযাপন শেষে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তারা নরসিংদীর বাসায় ফেরেন। বাসাটির পেছনের দিকে গিয়ে সুখন চৌধুরী দেখেন, জানালার গ্রিল কাটা। পরে স্থানীয়দের সহায়তায় ওই জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে তিনি দেখেন, ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। আলমারিটির ভেতরে রাখা ৮ ভরি স্বর্ণালংকার আর নগদ ৫০ লাখ টাকাও নেই।

ভুক্তভোগী সুখন চৌধুরী আরো জানান, একটি ডাইং কারখানা করার জন্য ভাইয়ের কাছে গ্রামের বাড়ির জমি বিক্রি করে ২৫ লাখ টাকা, বন্ধুর কাছ থেকে ধার নেন ১০ লাখ এবং নিজের কাজের পরিশ্রমে জমানো আরো ১৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা বাসায় রাখেন। ডাইং কারখানা করার কথাবার্তাও প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। যার কারণে সম্পূর্ণ টাকাই তিনি একত্রে করে নিজ বাসায় রেখেছিলেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এই ঘটনায় সরাসরি জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

Share





Related News

Comments are Closed