Main Menu

ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯

বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরে সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৫ যাত্রী।

মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঝালকাঠির রাজাপুর গ্রামের মিজানুর রহমান (৪০) ও সুজন ফকির (২৮), বরিশালের উজিরপুরের নারকোলি গ্রামের হীরালাল বাড়ৈ (৬০) ও নতুনবাজার এলাকার আলী হোসেন (৫২), ঢাকার যাত্রাবাড়ী এলাকার টিটু মিয়া (৩৫) ও ঝালকাঠীর তারাবোলিয়া গ্রামের সুফিয়া বেগম। এঁদের মধ্যে মিজানুর বাসের চালক, আলী হোসেন বাসের সুপারভাইজার আর টিটু বাসচালকের সহকারী ছিলেন। বাকি তিনজনের মধ্যে দুজন নারী।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ও রাজৈর থানার ওসি মো. আনোয়ার হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ মর্গে এবং আহতদের চিকিৎসার জন্য সকল ব্যবস্থা নিয়েছে।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শশাঙ্ক কুমার ঘোষ বলেন, দুর্ঘটনায় আহত ৩৪ যাত্রীকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

এ ছাড়া আরো ১০-১১ জন যাত্রীকে মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সরোয়ার হোসেন বলেন, নিহত ছয়জনের পরিচয় মিলেছে। এখনো সবার স্বজনেরা হাসপাতালে পৌঁছাতে পারেননি। যাদের লাশ শনাক্ত করা হয়েছে, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed