ভাঙ্গা হচ্ছে সিলেট সিটি সুপার মার্কেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন বহু বছরের পুরনো সিটি সুপার মার্কেটের অপসারণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ‘ঝুকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত এই মার্কেটের তৃতীয় তলার দোকান ভাঙার কাজ শুরু করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দিনব্যাপী পরিচালিত এই অভিযানের প্রথম দিনে তৃতীয় তলার ১৪টি দোকান ভাঙা হবে। তৃতীয় তলায় সব মিলিয়ে দোকানের সংখ্যা ১০৮টি। পর্যায়ক্রমে তৃতীয় তলার সবগুলো দোকান ভাঙা হবে বলে জানিয়েছে সিটি প্রকৌশল শাখা।
প্রাথমিকভাবে তৃতীয় তলা অপসারণ কাজ সম্পন্ন হওয়ার পর ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে পুরো মার্কেট ভেঙে নতুন আঙ্গিকে অত্যাধুনিক মার্কেট নির্মানের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
অপসারণকাজ চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এনামুল হাবীব জানান, ‘বিশেষজ্ঞ প্রকৌশলীরা এই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বিষয়টি মার্কেটের ব্যবসায়ী সমিতিকে অবগত করে অপসারণের জন্য লিখিতভাবে নোটিশও দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে মার্কেটের তৃতীয় তলা অপসারণ করছে।’
এনামুল হাবীব আরও জানান ‘সর্বশেষ ৯মে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনের মাসিক সভায়ও সিটি সুপার মার্কেট পুরোপুরি ভেঙে এখানে নতুনরূপে ডিজাইন প্রণয়নের মাধ্যমে অত্যাধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।’ নতুন মার্কেটে নীতিমালা মোতাবেক মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন করা হবে বলেও জানান তিনি।
এদিকে এই ব্যাপারে সিটি সুপার মার্কেট কমিটির সভাপতি জয়নুল হোসেন জানান, তারাও চান সিটি সুপার মার্কেট ঝুঁকিমুক্ত থাকুক। সেজন্যই তারা সিটি কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। ব্যবসায়ীরা যাতে ক্ষতির শিকার না হন সেই দিকটি অগ্রাধিকার দিয়ে এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান ব্যবসায়ীদের পজিশন রেখে এখানে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হলে তাদের আপত্তি নেই বলে জানান তিনি।
এসময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, সিটি কর্পোরেশন থেকে নিয়োজিত বিশেষজ্ঞ প্রকৌশলী এবং মার্কেট কর্তৃক নিয়োজিত বিশেষজ্ঞ প্রকৌশলী সিটি সুপার মার্কেটটিকে ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছেন। বিশেষজ্ঞ প্রকৌশলী হিসেবে প্রকৌশলী জামাল আশরাফ, প্রকৌশলী ড. জহির বিন আলম, প্রকৌশলী বসন্ত কুমার সিনহা পর্যায়ক্রমে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে এই মার্কেটটিকে ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে ঝুকি এড়ানোর স্বার্থে প্রাথমিকভাবে তৃতীয় তলা অপসারণ করা হচ্ছে।
অপসারণ কাজ চলাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শরীফুজ্জামান, জেলা প্রশাসনের ম্যাজিস্টেট মামুনুর রহমান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কুহিনুর ইয়াসমীন ঝর্না, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অপসারণ কাজ চলাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ ফোর্স এবং সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাবেদ হোসেন মোহাম্মদ তারেকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি স্পেশাল টিম উপস্থিত ছিল।
Related News
সিলেটে ঈদের জামাত কখন কোথায়
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহীRead More
নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও র্যাব সদস্য খুনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ,Read More



Comments are Closed