Main Menu

সিলেটে প্রকৃতির আরেক নতুন আকর্ষণ লক্ষনছড়া

পর্যটন ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রকৃতির আরেকটি মনোরম ঠিকানা লক্ষনছড়া। ভারতের পাহাড় থেকে নেমে আসা জলধারা, পাথরে সাজানো ঝিরিপথ আর স্বচ্ছ পানির স্রোত মিলে জায়গাটিকে দিয়েছে স্বতন্ত্র সৌন্দর্য। বিছানাকান্দি ও পান্থুমাইয়ের কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছেও ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে এই স্থান।

পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির ধারা। কোথাও ছোট ছোট পাথরের স্তূপ, কোথাও পানির নিচে স্পষ্ট দেখা যাচ্ছে নুড়ি-পাথরের বিন্যাস। পেছনে সবুজ পাহাড়, সামনে আঁকাবাঁকা জলপথ। চারপাশের প্রকৃতি যেন নিজের মতো করে সাজিয়েছে এক নৈসর্গিক দৃশ্যপট। এমন পরিবেশে কিছুক্ষণ দাঁড়ালেই শহরের ব্যস্ততা ভুলে যেতে হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার লক্ষনছড়ায় গেলে এমন দৃশ্যই চোখে পড়ে।

সিলেটের পর্যটন মানচিত্রে বিছানাকান্দি, জাফলং ও পান্থুমাইয়ের নাম অনেক আগে থেকেই পরিচিত। এসব জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন। তবে পরিচিত গন্তব্যগুলোর পাশেই রয়েছে তুলনামূলক কম পরিচিত আরেকটি স্থান লক্ষনছড়া। পাহাড়ি ঝরনার পানি আর পাথুরে ঝিরিপথের কারণে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করছে।

লক্ষনছড়ার সৌন্দর্যের বড় অংশজুড়ে রয়েছে এর পাথুরে জলপথ। ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানির ধারা সীমান্তবর্তী এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সেই পানির সঙ্গে ছোট-বড় অসংখ্য পাথরের অবস্থান তৈরি করেছে বিচিত্র এক প্রাকৃতিক অবয়ব। কোথাও পাথরের ফাঁক দিয়ে পানি বয়ে যাচ্ছে, কোথাও অগভীর পানিতে জমে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। জলধারার দুই পাশের সবুজ প্রকৃতি দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

বর্ষাকালে লক্ষনছড়ার রূপ বদলে যায়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জলধারার প্রবাহ বেড়ে যায়। পাথরের ওপর দিয়ে ছুটে চলা পানির স্রোত তখন জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। চারপাশের সবুজ পাহাড়, মেঘলা আকাশ আর পানির অবিরাম শব্দ মিলিয়ে তৈরি হয় অন্য রকম পরিবেশ। এ সময় প্রকৃতির এই রূপ দেখতে পর্যটকদের আগ্রহও বাড়ে। তবে পাহাড়ি ঢল বা অতিরিক্ত স্রোতের সময় পানিতে নামা ঝুঁকিপূর্ণ।

পর্যটকদের কাছে বাড়ছে পরিচিতি

বিছানাকান্দি ও পান্থুমাই ঘুরতে আসা পর্যটকদের জন্য লক্ষনছড়া হতে পারে বাড়তি আকর্ষণ। একই এলাকায় কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান থাকায় পর্যটকেরা এক ভ্রমণেই একাধিক গন্তব্য দেখার সুযোগ পান। বিশেষ করে যারা প্রচলিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি অপেক্ষাকৃত নিরিবিলি কোনো জায়গা খুঁজছেন, তাদের আগ্রহের জায়গা হতে পারে লক্ষনছড়া।

স্থানীয় মাঝি লোকমান জানান, আগে লক্ষনছড়ায় পর্যটক কম আসতেন। এখন বিছানাকান্দি ও পান্থুমাই ঘুরতে আসা অনেক পর্যটক লক্ষনছড়াও দেখতে আসেন। বর্ষাকালে এখানে পর্যটক বেশি আসেন। পাহাড় থেকে নেমে আসা পানি, স্বচ্ছ জলধারা আর পাথরের সৌন্দর্য তাঁদের ভালো লাগে। পর্যটকের সংখ্যা বাড়লে আমাদের মতো স্থানীয় মানুষেরও আয় বাড়বে।

লক্ষনছড়াকে ঘিরে স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ারও সম্ভাবনা রয়েছে। পর্যটকের সংখ্যা বাড়লে নৌকা চলাচল, স্থানীয় পরিবহন, খাবারের দোকানসহ বিভিন্ন সেবার চাহিদা তৈরি হতে পারে। এতে এলাকার মানুষের আয়ের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে পর্যটন বিকাশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জলধারার স্বাভাবিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখাও গুরুত্বপূর্ণ।

লক্ষনছড়া ঘুরতে আসা এক নারী পর্যটক মিলি ফারহানা বলেন, লক্ষনছড়ার সন্ধান পেয়েছি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে। জায়গাটি দেখার পর মনে হয়েছে, ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা, চারদিকে ছড়িয়ে থাকা পাথর আর পানির ওপর দিয়ে বয়ে যাওয়া স্রোত সব মিলিয়ে পরিবেশটা অন্য রকম। বিছানাকান্দি ও পান্থুমাইও সুন্দর, তবে লক্ষনছড়ার সৌন্দর্যে একধরনের নিরিবিলি ভাব আছে। পাথর আর স্বচ্ছ পানির মিতালি জায়গাটিকে আলাদা করেছে।

এক ভ্রমণে তিন গন্তব্য

লক্ষনছড়ার অন্যতম সুবিধা হলো, গোয়াইনঘাটের পরিচিত পর্যটনকেন্দ্র বিছানাকান্দি ও পান্থুমাইয়ের কাছাকাছি এর অবস্থান। ফলে সিলেট ভ্রমণে এসে একই দিনে তিনটি জায়গা ঘুরে দেখার পরিকল্পনা করা যায়। বিশেষ করে যারা পাহাড়, ঝরনা ও পাথুরে নদীর সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এই পথ হতে পারে আকর্ষণীয়।

সিলেট শহর থেকে লক্ষনছড়া যেতে প্রথমে যেতে হবে গোয়াইনঘাটের হাদারপাড় বাজারে। শহরের আম্বরখানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় সেখানে যাওয়া যায়। গোয়াইনঘাট বাজার থেকেও হাদারপাড় যাওয়ার ব্যবস্থা রয়েছে। হাদারপাড় থেকে নৌকা ভাড়া করে বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষনছড়া ঘুরে দেখা সম্ভব। তবে নৌকা ভাড়া করার আগে মাঝি লক্ষনছড়ার পথ চেনেন কি না, তা নিশ্চিত হওয়া ভালো।

একটি নৌকায় তিনটি গন্তব্য ঘুরে আসতে আনুমানিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হতে পারে। নৌকার ধরন, পর্যটকের সংখ্যা ও মৌসুম অনুযায়ী ভাড়ার তারতম্য হয়। বর্ষাকালে নৌকায় যাতায়াত সুবিধাজনক। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে হেঁটেও লক্ষনছড়ায় যাওয়া যায়। সে ক্ষেত্রে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতে পারে।

তিনটি জায়গা ঘুরে আবার হাদারপাড় ফিরে আসতে মোটামুটি পাঁচ ঘণ্টা সময় হাতে রাখা ভালো। সে অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করলে এক দিনের মধ্যেই এসব গন্তব্য দেখে সিলেট শহরে ফিরে আসা সম্ভব।

প্রকৃতির সৌন্দর্য দেখতে সতর্কতা জরুরি

লক্ষনছড়ার সৌন্দর্য উপভোগের জন্য বর্ষাকালকে সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হয়। এ সময় পাহাড়ি পানির প্রবাহ বেশি থাকায় পাথুরে ঝিরিপথের সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে পাহাড়ি ঢল, বৃষ্টির তীব্রতা ও পানির স্রোতের বিষয়টি মাথায় রাখা জরুরি। স্রোত বেশি থাকলে পানিতে নামা কিংবা পাথরের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করা উচিত নয়।

লক্ষনছড়া ঘুরে দেখতে সাধারণত এক দিনই যথেষ্ট। তাই পর্যটকেরা চাইলে সিলেট শহরে অবস্থান করেই দিনে দিনে ঘুরে আসতে পারেন। থাকার জন্য নগরের দরগা গেট, জিন্দাবাজার ও লালবাজার এলাকায় বিভিন্ন মানের হোটেল রয়েছে। খাবারের জন্য জিন্দাবাজার এলাকার পাঁচ ভাই, পানশি ও পালকি রেস্তোরাঁয় সিলেটের স্থানীয় খাবার পাওয়া যায়। এ ছাড়া গোয়াইনঘাট ও হাদারপাড় এলাকাতেও খাবারের ব্যবস্থা রয়েছে।

সিলেটের পর্যটন আকর্ষণ বলতে এত দিন যেসব গন্তব্যের নাম বেশি উচ্চারিত হয়েছে, লক্ষনছড়া সেসবের পাশে নতুন একটি নাম যুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে। এর সৌন্দর্য কেবল পাহাড় বা ঝরনায় সীমাবদ্ধ নয়; পাথর, স্বচ্ছ পানি ও পাহাড়ি জলধারার সম্মিলিত রূপই জায়গাটির স্বতন্ত্র পরিচয়। পরিচিত পর্যটনকেন্দ্রের ভিড়ের বাইরে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে গোয়াইনঘাটের এই স্থান হতে পারে ভ্রমণের নতুন ঠিকানা।

Share





Related News

Comments are Closed