স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন তোফাজ্জল হোসেন নামের এক তরুণ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে তাদের তিন অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়ে।
উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে ঘটা এ হৃদয়বিদারক ঘটনার পর বাবা-মা হীন তিনটি অবুঝ শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল। এর আগে গত ২৪ সেপ্টেম্বর সকালে নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোফাজ্জলের স্ত্রী তুলনা বেগমের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের এমন মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় দিনমজুর তোফাজ্জল হোসেনের মূল বাড়ি উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি মঈনপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তোফাজ্জল-তুলনা দম্পতির ৭ বছরের সংসারে দেড় বছর এবং মাত্র ৬ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে।
প্রতিবেশীরা জানান, স্ত্রীর মৃত্যুর শোক ও পারিবারিক টানাপোড়েনের মধ্যে রোববার মধ্যরাতে তোফাজ্জল নিজ ঘরে বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মাত্র ১১ দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে তাদের অবুঝ তিন শিশু সন্তান। মাতৃস্নেহ আর পিতৃহীন এই শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে মঈনপুর গ্রামের পরিবেশ। স্তম্ভিত স্বজন ও প্রতিবেশীরাও বুঝে উঠতে পারছেন না কী সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপারে।
ইউপি সদস্য আলাল মিয়া জানান, খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তোফাজ্জলের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। এ বিষয়ে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More



Comments are Closed