Main Menu

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (শাবি প্রেসক্লাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সল ও সাধারণ সম্পাদক নুর আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় কয়েকজনের হাতে রামদা, চাপাতি, হকি স্টিক, পাইপ ও ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রধারীদের ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে লাঠি দিয়ে মারধর করা হয়। একই সময় আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবানকেও মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামকেও মারধর করা হয়। এতে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায়। এ সময় সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ। একটি গণতান্ত্রিক দেশ ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তারা আরও বলেন, চলতি বছরের ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ওই ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

শাবি প্রেসক্লাবের নেতারা বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের ওপর একই ধরনের হামলার পুনরাবৃত্তি বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা কর্তৃপক্ষের দায়িত্বশীলতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

তারা রাবির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed