Main Menu

জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা ৬০টি দোকান ঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজার এবং দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরবস্ত বাজার এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

এসময় সিলেট-তামাবিল মহাসড়কের ও সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা ছোট-বড় সহ মোট ৬০টি বিভিন্ন ধরনের স্থাপনা অপসারণ করা হয়। মূলত মহাসড়কে যানজট নিরসন, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া সহ সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর উপজেলা প্রশাসন আরও জানায় অচিরেই চলমান অভিযানের ধারাবাহিকতায় সিলেট-তামাবিল মহাসড়কের অন্যান্য এলাকা সহ বিভিন্ন হাট বাজারে গড়ে তোলা অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “সিলেট-তামাবিল মহসড়কের জৈন্তাপুর অংশকে যানজটমুক্ত রাখতে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, পর্যায়ক্রমে বাকী সকল অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

Share





Related News

Comments are Closed