Main Menu

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছেন রুবেল মিয়া (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক। তিনি বড়দল পুরানহাটি গ্রামের বাসিন্দা বশিরুল হকের ছেলে।

সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি ও পুরানহাটির মাঝের খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে বড়দল গ্রামের মাঝের খালটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালে বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ভাঙনের মুখে পড়ে।

এ সময় রশিরুল হকের (বশির) পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের দাবি, ঘরের একপাশে একটি কুটিরের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে রুবেল মিয়াও পানিতে ভেসে যান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে নৌকাযোগে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed