সিলেট ছাড়ছেন ডিসি, দায়িত্বে পিংকি সাহা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করেছেন। মঙ্গলবার (২৩ জুন) তিনি সিলেট ত্যাগ করবেন।
তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার (২২ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিংকি সাহা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন তিনি।
পিংকি সাহা বলেন, “আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আপাতত আমি রুটিন দায়িত্ব পালন করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়। সেই সিদ্ধান্তের পরপরই তিনি দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়ার প্রস্তুতি নেন।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে মাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনার মধ্যে ছিলেন মো. সারওয়ার আলম। তার প্রত্যাহারকে ঘিরে সিলেটে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed