নবীগঞ্জে দিনদুপুরে ২ শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনদুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। তারা পিস্তল ও দেশীয় রামদা দেখিয়ে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নেয়।
প্রায় দেড় ঘণ্টা পরে, সকাল সাড়ে ৯টার দিকে আউশকান্দি ইউনিয়নের বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাসকে রিকশায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা তিন যুবক থামিয়ে তার গলার চেইন ছিনিয়ে নেয়।
শিক্ষিকা শিল্পী রানী পাল বলেন, “মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। কাউকে জানালে ক্ষতির হুমকিও দেয় ছিনতাইকারীরা।” অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, “দিনের আলোতে প্রকাশ্যে এমন ঘটনায় আমি আতঙ্কিত।”
রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেত্রী মোছাম্মৎ শাহীনূর আক্তার চৌধুরী বলেন, “একই দিনে নারী শিক্ষিকাদের টার্গেট করে সংঘটিত এসব ছিনতাই অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন যেন দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করে।”
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, দুটি পৃথক অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি নবীগঞ্জে ছিনতাই, চুরি, সহিংসতা, খুন ও মাদকসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে। প্রকাশ্যে নারী শিক্ষিকাদের টার্গেট করে সংঘবদ্ধ ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed