Main Menu

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আব্দুল কাইয়ুম ধুলিয়াখালে চিকিৎসক দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে নিহত হন।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed