Main Menu

২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সাত বিভাগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১১ দলের লিয়াজোঁ কমিটির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর এবং ১৮ জুলাই বরিশালে সমাবেশের পর ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি বৃহৎ সমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, শীর্ষ নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলাভিত্তিকভাবে ১১ দলের সিনিয়র নেতারা সফর করবেন এবং স্থানীয় পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনাও রয়েছে।

নেতারা অভিযোগ করেন, সরকার প্রশাসনে দলীয়করণ করছে, নিয়োগ বাণিজ্য চলছে এবং স্থানীয় নির্বাচন না দিয়ে নিজেদের লোকজনকে পদে বসানো হচ্ছে। এসবের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের সমস্যা তুলে ধরা হবে বলে তারা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দীন আহমেদ, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতারা।

Share





Related News

Comments are Closed